কম্পিউটার ক্লাস থেকে ফিরেই পড়ার টেবিলের উপর জলপাই সবুজ রঙের শক্ত বড় একটি খাম দেখতে পেল রিফাত। খামে তার নাম লেখা। রিফাত হাসান চৌধুরী। নিচে ছোট্ট করে ক্রমিক নং ১২২৭। সে আন্তর্জাতিক পাখি পর্যবেক্ষণ ক্লাবের সদস্য। খামের কোণায় উড়ে যাওয়া কয়েকটি বুনোহাঁসের ছবি। পাশে লেখা,’আমাদের হত্যা করো না।’ খামটা খুলে ফেলল রিফাত। ভেতরে নিমন্ত্রণপত্র। মিরপুর চিড়িয়াখানার লেকের পাশে এশীয় জলচর পাখি গণনার অনুষ্ঠান। আগামী শুক্রবার পাখিপ্রেমিকেরা যাবে দলবেঁধে। শীতের দিনে মোট কত প্রজাতির অতিথি পাখি এখানে আসে,তা গোনা হবে।