দাড়ি সম্পর্কে চরমোনাইর পীর সাহেব (রহঃ)-এর যুক্তিপূর্ণ বক্তব্য বাংলার কুতুব চরমোনাই-এর পীর মরহুম জনাব সৈয়দ মুহাম্মদ ইসহাক সাহেব (আল্লাহ্ পাক তাঁর কবরকে নূরে নুরান্বিত করে দিন) তাঁর 'যুক্তিপূর্ণ ওয়াজ বা মাওলা পাকের অনুসন্ধান' নামক কিতাবে দাড়ি সম্পর্কে সত্যিই যুক্তি পূর্ণ কিছু নসীহত এ জাতির জন্য তিনি রেখে গেছেন। হুবহু সেটাই এখানে নকল (উদ্ধৃত) করে দেয়া হল। প্রিয় বন্ধুগণ! খুব বুঝে নিবেন, যে ছুরতে মানুষের মৃত্যু হবে হাশরের দিন আল্লাহ পাক সে ছুরতেই তাকে উঠাবেন। যেমন যদি কেউ আলফেট রাখে অর্থাৎ পিছে খাট চুল এবং সামনে বড় চুল রাখে, তবে হাশরের দিন তাকে অবিকল সে ছুরতেই উঠতে হবে। কেউ যদি দাড়ি কামায় অথবা ছাঁচে কেয়ামতের দিন সে অবিকল ঐ ছুরতে উঠবে, অথচ হুজুর (সাঃ) ফরমায়েছেন مَنْ تَشَبَهُ بِقَوْمٍ فَهُوَ مِنْهُ ব্যক্তি যে কওমের সাথে মোশাবা বা মিল রাখবে, সে ব্যক্তি কেয়ামতের দিন ঐ কওমের সাথেই উঠবে।