দোলনা আর কফিনের মধ্যবর্তী সময়টা সর্বকালের সব মানুষের জন্য শাস্ত্রানুগ দায়ভার। এ দায়গ্রস্ততা থেকে মুক্তিলাভের প্রকৃষ্ট উপায় মানবকল্যাণে শুদ্ধচিত্তে কর্মযজ্ঞে আত্মসমর্পিত হওয়া। কর্মক্ষেত্রের সুস্বীকৃত একটি শাখা বর্ণফুলে পঙক্তিমালা গ্রন্থন। এ মনস্বী-গ্রন্থনে আত্মনিবেদিত হয়ে সাধনায় সিদ্ধিলাভে যাঁরা কীর্তিমান হতে পেরেছেন, হিতৈষীদের তালিকায় তাঁরা উজ্জ্বল নক্ষত্রবিশেষ। অনাচারের ভাগাড়ে পদ্মস্বরূপ সুশীল সমাজের নিঃস্বার্থ রূপকার আর স্থপতি তো তাঁরাই। তাঁদেরই কতিপয় ধন্যপুষ্ট কর্মবীরের জীবন চরিত্রের অনুকরণীয় খাণ্ডিক ঘটনা-বিন্যাস ও মুষ্টিমেয় ক'জন উদীয়মানের কর্মপ্রয়াস এবং সমাজ- সংসার আর দেশদৃশ্যের কিছু প্রসঙ্গ-কথার ভিয়ানে "দীপাবলী দেদীপ্যমান" -এর দেহ গঠনের অক্ষম প্রয়াস। বিষয়-গুণের সক্ষমতায় 'দীপাবলী দেদীপ্যমান' পাঠক-হৃদয় ছুঁতে পারলে আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করার কারণ ঘটবে।