ভাষার অন্তরায় অন্তরের আগল। আর অনুবাদ কিছুটা হলেও সে আগল ভাঙতে পারে, ভাষার বাধা পেরোতে সাহায্য করতে পারে। সীমাবদ্ধতা জয় করার আকুতি চিরন্তন। ভাষার সীমাবদ্ধতা জয় করার মাধ্যমে মানুষ ভিন্ন সমাজ-সংস্কৃতি, ঐতিহ্য-সাহিত্য সম্পর্কে জানতে পারে। আর অনুবাদ, ভাষান্তর, ভাবান্তর, রূপান্তর সে সীমাবদ্ধতা জয়ের অন্যতম সফল মাধ্যম। তাই মানব সভ্যতার ক্রমবিকাশে ভাষা অনুবাদকের অবদান অবিস্মরণীয়। রবীন্দ্রনাথ যেমনটি বলেছিলেন, ‘আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া/অন্তরে তোর বিশ্বলোকের পাবি সাড়া।’এই গ্রন্থে নেয়ামত ভূইয়া ভাষার আগলে বাধা পড়া ভিন্ন ভাষার অসাধারণ কয়েকটি গল্প হাজির করেছেন তাঁর স্বাদু অনুবাদে, সঙ্গে নানা দেশের লোককথার গল্পের অনুবাদ উপস্থাপন করে বৈচিত্র্যময় পাঠের অয়োজনও রেখেছেন।