পিকনিকে চলেছে দলটা। তিন বন্ধু অঞ্জন ওয়াসিম ফারুক ও রোডা। ডেথ সিটির পিকনিক। অতএব কতখানি সফল হবে সন্দেহ আছে ওদের। সুন্দর কোনও ঢেউ খেলানো খোলা মাঠ কিংবা ছায়াঢাকা পাখিডাকা বনের ভিতরে চাদর বিছিয়ে খাবারের ঝুড়ি নিয়ে বসা, খাওয়া-দাওয়া, আড্ডা দেয়া, এ সব কতখানি নিরাপদে চালাতে পারবে, জানে না। ডেথ সিটি মানেই যখন-তখন অঘটন। বিশেষ করে ওদের বয়েসী ছোটদের বেলায়।
তবু হাতে কোন কাজ না থাকায় বিপদের ঝুঁকি নিয়েই পিকনিকে চলেছে ওরা। শহর থেকে সামান্য দূরে পাহাড়ের ঢালে বনের কিনারে ছোট্ট এক টুকরো ঘাসে ঢাকা জমি বেছে নিল ওরা। চমৎকার রোদ। হলুদ রঙের একটা চাদর বিছিয়ে তাতে বসে পড়ল সবাই।
ঝুড়ি থেকে খাবার খুলে চাদরে রাখছে ফারুক, ওয়াসিম বলল, 'আমার স্যান্ডউইচে ম্যায়োনেজ দিয়ো না।' খাবারের দিকে নজর নেই অঞ্জনের। সে প্রকৃতি দেখছে। উজ্জ্বল হলুদ ডেইজি ফুল দুলছে বাতাসে। কাছেই একটা সরু ঝর্না বয়ে চলেছে মৃদু কুলকুল শব্দে।