তমাল বলে, যে মনোযোগ দিয়ে লিখছিলে তাতে মনে হলো প্রথম হবে। এই পরীক্ষায় প্রথম হলে চাকরি হবে তোমার। কারণ লিখিত পরীক্ষায় প্রথম হলে কোনো তদবির লাগে না; আপনা-আপনিই চাকরি হয়ে যায় ব্যাংকে।
রিয়া বলে, এ নিয়ে তৃতীয়বার সিনিয়র অফিসার পদে পরীক্ষা দিলাম। কই হলো না তো চাকরি! পরীক্ষা যে খারাপ দিই তা তো নয়। কিন্তু হয় না চাকরি। তাছাড়া যে পরীক্ষা দিই, তার চেয়ে অনেকেই আরও ভালো পরীক্ষা দেয়। তাই তাদের চাকরি হয়; হয় না আমার।
এর আগের পরীক্ষা দেওয়ার সময় আরিফ নামের এক ছেলে আমার পাশে বসে পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা শেষে ফোন নম্বর নিয়েছিল আমার। পাঁচ মাস পর ফোন করে বলে ব্যাংকে চাকরি হয়েছে আরিফের। তাকে অভিনন্দন জানালাম। কিন্তু ভাগ্যের দুয়ার খুললো না আমার; হলো না তো চাকরি।