পাগল হয়ে আছি
পাগল হয়ে আছি। বলে পাগল নিয়ে লিখতে।
এ কোন পাগল রে, বাবা?
এ কেন আমাকে ধরল?
'পাগল নিয়ে একটা সংখ্যা করব, দাদা। এই সংখ্যায় আপনি না লিখলে হবে?'
মানে কী? তার কি মনে হয় আমি পাগল?
আচ্ছা, আমি পাগল। যে আমাকে লিখতে বলেছে সে পাগল হলে আমিও পাগল। লিখি তবে।
পাগল কারা? কাদেরকে বলে? পদ্ধতিগত ব্যবস্থা আছে পাগল-অপাগল নিরূপণের। পাগলের ডাক্তাররা করে থাকেন। প্রাথমিক তদন্ত শুরু হয় কিছু আমুলি-মামুলি এবং আপাত নিরীহ প্রশ্ন দিয়ে। তদন্ত-ই তো বলা যায় নাকি? অবশ্যই যায়। বলা জায়েজ। পাগল হলে সব বলা জায়েজ। পাগলে কী না বলে।
ইন্টারোগেশন বলি তাহলে। আপাতত নিরীহ সেসব প্রশ্নের নমুনা,
: আপনার নাম কী?
: এখন দিন না রাত?
: আপনি এখন কোথায়?
: আজ কত তারিখ?
ধরা যাক প্রজেক্ট শতাব্দী জাহিদ। আমাদের আর্টিস্ট। এমনিতেই সে পাগল পাগল একটু। ধরা যাক তারও তিন বিঘত বাড়াবাড়ি দেখে তার বউ শংকিত হলো এবং অ্যাপয়েন্টমেন্ট করল একজন মনোরোগ বিশেষজ্ঞর সঙ্গে। অ্যাপয়েন্টমেন্ট ধরা যাক ১৮ই জুলাই। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।