মাত্র ৪৬ বছর বেঁচেছিলেন অস্কার ফিঙ্গাল ও'ফ্লাহার্টি উইলস ওয়াইল্ড। ১৮৫৪ সালের ১৬ই অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম তার। সবার কাছে তিনি অস্কার ওয়াইল্ড নামে পরিচিত। বাবা উইলিয়াম ওয়াইল্ড খ্যাতিমান চিকিৎসক ছিলেন এবং পরবর্তী জীবনে নাইট উপাধিতে ভূষিত হন। সম্পূর্ণ নিজব্যয়ে গরিবদের জন্য একটি হাসপাতাল তৈরি করেছিলেন তিনি। অস্কারের মা, জেন ফ্রান্সিসকা এলজি ছিলেন কবি। ঘনিষ্ঠ ছিলেন আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করছিলেন তাদের সঙ্গে। তাদের হয়ে লেখালেখি করতেন সেকালের পত্রিকায়। মা এবং বাবা, উভয়ের প্রভাব পড়েছিল অস্কার ওয়াইল্ডের জীবনে। দরিদ্রদের প্রতি তার মনে গভীর দরদ ছিল আর ছিল মাতৃসূত্রে পাওয়া ব্রিটিশ বিদ্বেষ। ইংরেজ অভিজাত সম্প্রদায়ের রীতি নীতি ও চিন্তাধারার বিরুদ্ধে ব্যঙ্গ ও কটুক্তির অস্ত্র নিয়ে তিনি যুদ্ধ করেছেন সর্বদা।