পাহাড়ের দিকে সুড়সুড় হেঁটে চলেছে কনিকা... অজানা উদ্দেশ্যে লোকালয় ছেড়ে একা ছুট লাগাল গহীন পাহাড়ের দিকে... ভরদুপুর। সুনসান পাহাড়ি পথ। লোকবসতি ছেড়ে দু-একটা ছোট টিলা পার হয়ে একচিলতে সমতল জায়গায় এসে হঠাৎ ভড়কে গেল কনিকা!
কদিন আগেও সে এই পথে বেরিয়েছিল। এই সমতল জায়গাটিতে এসেই আর সামনে এগোবার সাহস ওর ছিল না। শিগগির পেছনপথে ফিরে গেছে... আশপাশে কোনো মানুষ কিংবা লোকালয় না দেখে শিউরে ওঠে কনিকা! ভড়কানো চোখে এদিক-ওদিক তাকায়! চারদিকটা কেমন সুনসান! গাছের পাতা পর্যন্ত নড়ছে না। দুপুরের ঝাঁঝাঁল রোদ্দুর ঝিমিয়ে পড়ার অপেক্ষায়। বনবাসীদের কলতান শোনা না গেলেও, চার-পাঁচ কিলোমিটার দূরের বিশ্বরোডে যানবাহনের ভেঁপুর শব্দ আবছা শোনা যাচ্ছে।