~ আনিকা, ঘরে থাকতে থাকতে এমন হইছি, ঘুমাইলে, স্বপ্নেও বেশি দূর যাইতে পারি না। তবু ঘুমানোর আগে যখন ভাবি, আমি আর তুই কত বছর ধরে সেন্ট্রাল ফিল্ডের ওইদিকে গাছের তলায় বসে বসে নোনতা বিস্কুট খাই, রাখতে রাখতে পৌঁছায়ে যাওয়া ডালিম নিয়ে হাসাহাসি করি, হাঁটি, শালিকের লগে লগে। রাস্তায় কোন গাড়ি নাই। কোন পরপুরুষ নাই হা করে তাকায়ে থাকার, আমি আর তুই শুধু। খাওয়া শেষে ভাবি, কেউ ত নাই, আমরা আমরাই তাই, চুল খুলে ছড়ায়ে দিই আকাশে আকাশে।
সোনালু ফুল গেঁথে দিই তোর চুলে। একেকবার শালিকের পিছনে দৌড় মারি। ঝাঁক বান্ধি শালিক উড়ে গেলে মনে হয়, আমরাও উড়ছি সেই প্রথম দিন থেকে। যেন আমি মেঘ, আর তুই আমার সাদাপালক। আমরা পাহাড় ছুঁয়ে ছুঁয়ে উড়ছি পতনের আশায়, একদিন সব উত্থানই যেহেতু পতন ঘটায়; সেই পতন নিয়ে ঘুমাইলে, দেখি, আমি আর তুই শাটলের বগিতে, ব্যাগ নাই, হারাই গেছে সিট ধরতে গিয়ে। বগি পাল্টাই, পাল্টাতে গিয়ে এবার তোরে হারায়ে ফেলি। খুঁজি, পাই, আবার হারাই, এরকম করতে করতে, তুই আর আমি শাটলে চড়তে চড়তে, ঘুম শেষ হয়ে যায়। আমাদের কোথাও যাওয়া হয় না, আনিকা। আমরা কি যাব না আর যেখানে যেতে চাই?