সে অনেক কাল আগের কথা। পৃথিবী ছিল তখন ঘন সবুজ। সূর্যোদয়ের দেশে বাস করত এক বৃদ্ধ আর এক বৃদ্ধা। প্রতিদিন ভোরে বৃদ্ধ উঁচু পাহাড়ে চলে যেত কাঠ সংগ্রহ করতে। ওই কাঠকুটো দিয়েই বৃদ্ধাকে রান্না করতে হতো। আর সকালে উঠে বৃদ্ধা ছুটত কলকলিয়ে বয়ে যাওয়া নদীর পারে। ধোয়া মোছার কাজ করার জন্য। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। বৃদ্ধা নদীতে গেরস্থালির জিনিসপত্র ধুচ্ছিল। এ সময় নদীর টলটলে পানিতে ভেসে এলো একটি বিশাল আকারের পিচফল। এত বড় পিচফল বৃদ্ধা জীবনে আগে আর কখনও দেখেনি। সে কেন, তার পূর্বপুরুষেরাও দেখেছে কিনা সন্দেহ। তাই বৃদ্ধা ফলটিকে হাত বাড়িয়ে ধরে ফেলল। এমন একটি অদ্ভুত পিচফলকে তো আর এমনি এমনি ছেড়ে দেয়া যায় না।