কবিতা, আমার দহনলিপি, লিপিবদ্ধ করো দেখি দিবস ও রাতের শ্বাসগুলি, দীর্ঘশ্বাসগুলি। দীর্ঘ দীর্ঘ দিবস আর দীর্ঘ দীর্ঘ রাতের পরে দীর্ঘায়ুর আশাবাদ আমাদের হতাশা বাড়ায়। লিপিবদ্ধ করো এই হতাশার গান, অগ্রাণের শেষ দিবসে, কবিতারা। তোমাদের হৃষ্ট হৃদয়, পুষ্ট পঙ্ক্তি আমা হতে শুষে নিচ্ছে দহনের দাহ্য ও জ্বালানী সকল। লিপিবদ্ধ করো এই শোষণের সুর, অসুরের বিপদাবলী। পদাবলী, আমার অন্তিম কোষ, কোষাগারের নিরস্ত্র প্রহরী, প্রহারের ভার তুমি দিয়েছো কাকে?