জটিল একটা বিষয় খোলাসা করছিল টাইম ট্রাভেলার (ওকে এনামে ডাকাই সুবিধাজনক)। ওর ধুসর চোখজোড়া জ্বলজ্বল করছে, সচরাচর পাণ্ডুর চেহারা এখন সজীব, প্রাণবন্ত দেখাচ্ছে। করকরে আগুন জ্বলছে ফায়ারপ্লেসে। সেই আগুনের ঝলমলে কোমল আভা রূপোর শাপলা ফুলে ঠিকরে ধরা দিচ্ছে আমাদের গ্লাসে তৈরি হওয়া বুদ্বুদে।
চেয়ারগুলো ওর নিজস্ব নকশায় বানানো। মনে হচ্ছে ওগুলোয় বসে নেই আমরা, বরং আমাদের আলিঙ্গন করে স্নেহের পরশ বোলাচ্ছে। রাতের খাবার শেষে আয়েশী পরিবেশ চারপাশে। এমনি সময় মানুষের চিন্তাভাবনা যুক্তির বাঁধন ছিঁড়ে মুক্ত-স্বাধীন ঘুরে বেড়ায়। আমাদের সামনে সরু তর্জনী নাচিয়ে সযুক্তিতে কথাগুলো তুলে ধরছিল ও। আলস্য ভরে ওর নয়া স্ববিরোধী (আমাদের সেরকমই মনে হয়েছে) বিষয়ে আন্তরিকতা আর প্রতিভায় মুগ্ধ হচ্ছি আমরা।