ছেলেবেলা থেকেই আমাদের পরিবার কুচবিহার রাজ্য থেকে হাজার মাইল পেরিয়ে ভারতের উত্তর পশ্চিম কোণে অবস্থিত বরোদা রাজ্যে ঠাকুরদার প্রাসাদে প্রায়ই বেড়াতে যেত। বরোদা রাজ্য ছিল আরব সাগরের তীরে। যখন আমাদের পরিবার বরোদায় যেত তখন পাহাড় প্রমাণ লটবহর বাঁধা-ছাঁদা চলত আর আমরা পাঁচজন বাচ্চা মানুষ মজা করে দেখতাম। কখনও কড়া শীতে বা তীব্র গ্রীষ্মে আমাদের যাবার জন্য তৈরি থাকতে হত, আবার কখনও ঘোড়ার প্রদর্শনীও দেখার সুযোগ ঘটত।
আমাদের যাত্রাকালে লটবহর ও কর্মচারিদের ভিড়-ভাড়াক্কায় রেল স্টেশন ভরাট হয়ে যেত। কিন্তু এত ঝকমারির মধ্যেও আমাদের প্রশিক্ষিত কর্মচারিরা অতি দক্ষতার সাথে সব ম্যানেজ করে ফেলত। তবুও আমাদের মাতৃদেবী তাঁর পূজার সরঞ্জাম ও প্রসাধনের বাক্সের জন্য অস্থির হতেন, আছে না হারিয়ে গেল এই চিন্তায়। কিন্তু সব কিছুই পাওয়া যেত খোঁজাখুঁজির পর। কোন কিছু হারাবার নয়।