ফুয়াদ ঘুম থেকে ওঠে। বাইরে হালকা আলো। মাত্র দিনের শুরু হয়েছে। কবুতরগুলো বাক-বা-কুম বাক-বা-কুম ডাকছে। ফুয়াদের রুমের জানালার পাশে কবুতরগুলোর ঘর। দুটি রড দিয়ে ঘরটি বাইরের দেয়ালে টাঙিয়ে দেয়া হয়েছে। ফুয়াদের প্রতিদিন ঘুম ভাঙে এই কবুতরগুলোর ডাক শুনে। ঘুম ভাঙলেও তখন তার চোখে ঘুম ঘুম ভাব থাকে। এই ঘুম ঘুম ভাবে চোখ একটু কচলিয়ে সাইকেলটি হাতে নেয়। তারপর একটা প্যাডেলে পাড়া দিয়ে শোঁ করে যেন সামনে যায়। সঙ্গে সঙ্গে আস্তে করে ডান পাটা সাইকেলের ওপর তুলে দেয়। মুহূর্তের মধ্যেই সাইকেলের সিটে বসে পড়ে সে। ডান পাটা প্যাডেলে লাগতেই একটা জোরে চাপ দেয়। সাইকেলটি তখন দ্রুত সামনে আরো এগিয়ে যায়। ভোরের হালকা নরম বাতাস তার শরীরে লাগে। আর তেমনি সে যেন হারিয়ে যায় হাওয়ার দেশে। এরপর প্রায় পঁচিশ থেকে তিশ মিনিট সাইকের চালায়।