ভোরটা ছিল খুব সুন্দর। রোদের রঙ সোনালি। আকাশে নীলের মধ্যে সাদা মেঘের কারুকাজ। গাছের পাতায় সবুজে সোনালিতে মিলে যখন অপরূপ রঙ ধরেছে তখন খুলনার খালিশপুরে নিউজপ্রিন্ট মিলের ঘাট থেকে আমাদের লঞ্চ ছাড়ল। একসাথে তিনটা লঞ্চ-বনকন্যা, বাইন আর অন্য ছোট্ট নামহীন লঞ্চটি। একে একে পেরিয়ে গেলাম নিউজপ্রিন্ট মিল, ডেল্টা জেটি, ফরেস্ট ঘাট, শিপইয়ার্ড, লবণ চোরায় সবুর খানের বাগানবাড়ি। তারপর দুপাড়ে শস্য ক্ষেত, ছোট ছোট গ্রাম। নদীতে পাল তোলা নৌকা, জেলে ডিঙি। আর ঘোলা পানি। ভৈরব নদী ছাড়িয়ে রূপসা তারপর পশুর। বাজুয়া নামের গ্রামটিতে একবার নামলাম কোল্ড- স্টোরেজ দেখতে। চিংড়ি মাছের প্যাকেট নেয়া হল। ফাউ হিসেবে দেখলাম সপরিবারে মা দুর্গার প্রতিমা আর ব্যাঙের ঠ্যাং। আবার দুপাশে সবুজ গ্রাম আর মাঝখানে ঘোলা পানি।।