হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবি রহ. প্রশিক্ষণ ছাড়াই সেনাপতি! দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবি রহ.। তাঁর ছিল একটি অসাধারণ জীবন। তাঁকে একজন খাঁটি মুজাহিদ বলা যায়। বাতিলের বিরুদ্ধে ছিলেন অত্যন্ত কঠোর। অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর। তাই জীবনের একপর্যায়ে তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। যুদ্ধের ব্যাপারে পুঁতিগত বিদ্যা না থাকলেও রণাঙ্গনে তাঁর হাতিয়ার চালনা এবং বন্দুক ব্যবহারের দক্ষতা প্রমাণ করে,তিনি যেন সেনাবাহিনীর যোগ্য কমান্ডার। এ প্রসঙ্গে মাওলানা ইয়াকুব রহ. লিখেছেন,তখন [১৮৫৭ সালে) অস্ত্র ছাড়া পথচলা কঠিন ছিল। তাই বাধ্য হয়ে আমরা রাইফেল চালনা শিখতাম। একদিনের ঘটনা,আমরা রাইফেল চালনার প্রশিক্ষণ নিচ্ছি। মাওলানা কাসেম নানুতবি নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে এসে বললেন,দেখি তোমরা কিভাবে চালাও! একজন একটা ফায়ার করে লক্ষ্যস্থলে নিশানা করার নিয়ম শিখিয়ে দিল। তিনি রাইফেল হাতে নিয়ে ফায়ার করলে প্রথমবারেই গুলি ঠিক লক্ষ্যস্থলে গিয়ে আঘাত হানে। তাঁকে দ্বিতীয়বারের জন্য আর চর্চা করতে হয়নি। যুদ্ধবিদ্যার এই দক্ষতার কারণেও ব্রিটিশবিরোধী লড়াইয়ে তাঁকে থানাভবন ও শামেলির রণাঙ্গনের সেনাপতি নিয়োগ দেওয়া হয়েছিল।