ঈশপ-বিশ্ববাসীর এক প্রিয় চরিত্র। প্রাচীন গ্রিসের এই মানুষটি অমর হয়ে আছেন তাঁর চমৎকার সব নীতিগল্পের জন্য। রূপকের মাধ্যমে তিনি কৌশলে বলে গেছেন সাম্য, শান্তি, কল্যাণ, মানবিকতার কথা। শিক্ষণীয় অনেক অনেক কিছু রয়েছে এইসব গল্পে। আছে বৈচিত্র্য, নাটকীয় রহস্যময়তা। একইসঙ্গে নির্মল আনন্দের উপাদানও। দেশে দেশে কালে কালে ঈশপের গল্পের কদর চাহিদা, জনপ্রিয়তা কখনও মøান হয়নি। ছোটোরাই শুধু নয়, বড়োরাও এসব গল্প পড়ে, শুনে সব সময় তৃপ্ত, আনন্দিত, আলোকিত।
বাছাই করা ঈশপের কয়েকটি গল্পকে ছড়ায় রূপান্তর করেছেন বিশিষ্ট কবি ও সাংবাদিক হাসান হাফিজ। গল্পকে ছন্দের আদলে নিখুঁত নিপাট করে নির্মাণের কাজটি শ্রমসাধ্য তো বটেই, মোটেও সহজ নয়। এ বইয়ের ছড়াগুলোতে গল্পের স্বাদ যেমন রয়েছে, ছন্দের দুলুনিও তেমনি মন ভরিয়ে দেবে পাঠকদের। ঈশপের গল্পের রাজ্যে পাঠক বন্ধুদের স্বাগত জানাই।