হাজার নদীর দেশ বাংলাদেশ। হাওড়-বাওড় আর জলাশয়ের দেশ বাংলাদেশ। সবুজ ব-দ্বীপ এই বাংলাদেশের একটি অন্যতম প্রধান আকর্ষণ পাখি। এখানে পাখি আছে জলাশয়ে। পাখি আছে মাঠে-ঘাটে। পাখি আছে গাছের ডালে- ডালে। আর আকাশে অনবরত উড়ছে পাখি। শুধু আছে নয়, এই দেশে প্রতি বছর আসে শীতের অতিথি আর মৌসুমি পাখিরা। ওদের আসার সঙ্গে সঙ্গে মাঠ-ঘাট, খাল-বিল, জলাশয় মুখরিত হয়ে ওঠে কলকাকলিতে। তখন বাংলাদেশ যেন অন্য একটি দেশ। স্বপ্নের দেশ।
বাংলাদেশে আছে প্রায় ছয়শ' প্রজাতির পাখি। তার মধ্যে চারশ' প্রজাতির পাখি আমাদের একান্ত নিজস্ব। আর বাকি দু'শ প্রজাতির পাখি অতিথি। অবশ্য কম- বেশি হতে পারে বলে অনেকে মনে করেন। তবে জনসংখ্যা বৃদ্ধি এবং বনভূমি উজার হবার কারণে পাখিদের সবচেয়ে প্রিয় এই দেশটিতে পাখি কমে আসছে। চাষবাসে রাসায়ানিক ওষুধের ব্যবহারের কারণেও পাখিরা পড়েছে হুমকির মুখে। অবিরাম গাছ কাটা, নদী ভরাট, প্রাকৃতিক বনজ সম্পদ নষ্ট করে কৃত্রিম বনায়নের কারণেও পাখি কমে যাচ্ছে।