যখন দূরে দিগন্তরেখার দিকে ছুটে যাওয়া পরাস্ত যুবকের চিহ্ন একটি বিন্দুর আকৃতি ছাড়া আর কিছু নয়, তখন ক্ষীণতর হয়ে যাওয়া ওই যুবকের জন্য মন খারাপ তো হয়ই। তখন আকাশও মেঘমলিন হয়ে ওঠে, এমনকি বৃষ্টিও ঝরে অশ্রুর আদলে। যে মানুষ একলা জীবন কাটায় নিবিড় নিঃসঙ্গতায়, সেও চায় একান্ত সুহৃদের সঙ্গে তার দেখা হোক।
জীবনের নানাবিধ জটিলতায় কিংবা অবিরাম পরিবর্তনের দগ্ধ প্রেক্ষিতে চায় একটি বাহু আঁকড়ে ধরতে। এইরকম মানুষের কাছে বদ্ধ ঘর মূলত গোরের মতো মনে হয়। সে একটি জানালার জন্য ছটফট করতে থাকে। বিশেষত রাস্তার ধারের জানালা। সে আসলে কারও কাছেই কিছু চায় না। ক্লান্ত মানুষ একজন। স্রেফ জানালায় দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে চায়, খোলা আকাশের দিকে তাকায়, চলমান মানুষগুলোর মৌনতা কিংবা সরবতার কাছে দাঁড়ায়। নিস্তব্ধতায় মানুষ জীবন পার করতে পারে না। শেষমেশ তাকে মানুষের সঙ্গে একাত্মতার ভেতরেই আশ্রয় নিতে হয়।