তিনি ছিলেন রুচিশীল ব্যতিক্রমী লেখক। তাঁর লেখার বিষয় ছিল একেবারেই স্বতন্ত্র। তথাকথিত সস্তা ও জনপ্রিয় ধারার লেখক ছিলেন না তিনি, তবে ওই ধারায় লিখলে যে অনেককেই তিনি অতিক্রম করে যেতেন, তা তাঁর রম্যরচনাগুলো পড়লে অনুধাবন করা যায়। ফরহাদ খানের রচনা প্রধানত গবেষণাধর্মী ও তাৎপর্যবাহী। তিনি লিখেছেন কম, তবে প্রতিটি রচনাই তাঁর গভীর জ্ঞান, একান্ত নিষ্ঠা এবং বিস্তৃত পঠন-পাঠনের পরিচয় বহন করছে।