বললাম, ভাই, বইয়ের ফ্ল্যাপ কে লিখছেন? উত্তর এলো, তুমি। চমকে উঠে বললাম, ভাই আমি কী করে লিখি? তিনি নির্বিকার বললেন, লেখ। কাকন রেজা কাউকে নিজ বইয়ের ফ্ল্যাপ লিখে দিতে বলবেন, এটা বিশ্বাস করা কঠিন। প্রথম বইয়ে লিখেছিলেন তার প্রিয় বন্ধু লেখক-সাংবাদিক মাসকাওয়াথ আহসান। জানি তাকে এ বিষয়ে অনুরোধ করতে হয়নি। মাসকাওয়াথ আহসান সানন্দেই দিয়েছিলেন। এবারও কাকন রেজা কাউকে অনুরোধ জানাবেন না সহজেই অনুমেয়। তার ভাষায়, বইয়ের ফ্ল্যাপ কে লিখবে? সত্যিই তো, কে লিখবে! এই ‘কে লিখবে’ কথাটার মধ্যেই অনেক কিছু বলা হয়ে গেছে।
কী বলি কাকন রেজা সম্পর্কে! প্রচার বিমুখ একজন মানুষ। যার সমুখে অনেকেই জবুথবু হয়ে থাকেন। যারা থাকেন, তারা জানেন, পণ্ডিতি সব জায়গায় চলে না। গদ্যে-পদ্যে যার সমান হাত চলে। আমাদের আফসোস থেকে যায়, একজন এত জানা মানুষ, এতটা প্রচার বিমুখ থাকেন কীভাবে। কলামিস্ট হিসেবে তাকে সবাই জানেন, কিন্তু কবি হিসেবেও তিনি প্রথম কাতারের। যারা তাকে জানেন তারা তো জানেনই। যারা না জানেন তারাও জানবেন ‘একটা অঙ্ক ও অর্ধেক জীবন’ পড়ার পর। শেষ করছি কাকন রেজা’র কবিতার চার লাইন দিয়েই
‘অহঙ্কার নেই বলে করি না তা নয় আমি নিজেই বিমূর্ত অহঙ্কার এক প্রকট হবার ইচ্ছে নেই বলেই চুপচাপ তোমাদের সামনে নত হয়ে থাকি’