আধ্যাত্মিকতার পথে ‘ইশক’ এক গভীর ও সূক্ষ্ম সত্য। আর মাওলানা রূমীর ভাষায় ইশকের রহস্য উন্মোচন করা সত্যিই এক দুরূহ সাধনা। দীর্ঘদিন থেকেই সুপ্ত বাসনা ছিল ‘মসনভী শরীফ’ গভীরভাবে পাঠ শেষে রূমীর প্রেমদর্শনকে এক আলাদা ভাষ্যে উপস্থাপন করার। আল্লাহ তা‘আলার অনুগ্রহে সমগ্র মসনভীর ভাবধারা অন্তরে ধারণ করে তার অমিয় সুধা আহরণের চেষ্টা করেছি মাত্র; রূমীর হৃদয়ে লালিত গভীর ইশক যেন পাঠকের অন্তর্লোক স্পর্শ করে— এটাই কামনা।
আলোচ্য গ্রন্থ ‘ফালসাফায়ে ইশক: মাওলানা রূমীর প্রেমদর্শন’ —এটি প্রকৃতার্থে একটি গভীর প্রেমদর্শন ও ‘মাকসুদ বিয্-যাত’, অর্থাৎ প্রভুর সাথে পরম প্রেমের মিলনময় তত্ত্ব নিয়ে রচিত এক অনন্য সংকলন। গ্রন্থটির প্রতিটি অধ্যায়ে উন্মোচিত হয়েছে আল্লাহমুখী প্রেমের সূক্ষ্ম ও
আবেগময় তাত্ত্বিক বিশ্লেষণ। একজন মাটির মানুষ কোন সেই রহস্যময় কিমিয়া-স্পর্শে আরশের অধিপতির সান্নিধ্য ও সন্তুষ্টি লাভে সমর্থ হয়— সেই অন্তর্লীন শক্তির সন্ধান ধাপে ধাপে, বাঁকে বাঁকে এই গ্রন্থে উপস্থাপিত হয়েছে। এ গ্রন্থে অধ্যায়ের পর অধ্যায়ে যে μমধারা ও হুসনে তারতীব (শৈল্পিক বিন্যাস) অনুসরণ করা হয়েছে— নিম্নে তারই একটি সংক্ষিপ্ত
পর্যালোচনা উপস্থাপন করা হলো।