তারস্বরে চিৎকার করছে শিশুটা। বয়স বছর-দুই। অডিও মিটার দিয়ে মাপলে শব্দের মাত্রা পাওয়া যাবে ১০০ ডেসিবেলেরও বেশি। ‘না, না কাঁদে না’—কাজ করছে না। কোল বদলেও অবস্থা বদলালো না। শেষে একটা মুখ বলে উঠল, ‘সেদিন রাস্তার ওই সাদা বেড়ালটা কী করেছিল জানো?’
বন্ধ চোখজোড়া খুলে গেল। অডিও মিটারের কাটাটা সাঁই করে ঘুরে বাম দিকে চলে এলো শূন্যের কোলে। গাল বেয়ে পড়া অশ্রুধারা ছাড়া আর কোনো প্রমাণ রইল না অতীত বেদনার। কান খাড়া হয়ে মুখ বন্ধ হয়ে গেল। শিশুটা জানতে চায় সাদা বেড়ালটা কী করেছিল।
মানুষ গল্প শুনতে ভালোবাসে। শিশুরা। বড়রা।
কিছু গল্প অলীক। কল্পনার জগতে তার জন্ম। পাঠককে অবাস্তব কিংবা পরাবাস্তব অভিজ্ঞতা দেয় সেসব গল্প। বাস্তব থেকে লেখকের কল্পনার জগতে বিবেক বদলি হয়।
কিছু গল্প সত্যি। সত্য ঘটনাকে গুছিয়ে বলা হয় তাতে। শহুরে মানুষের কৃত্রিম কল্পনার জগৎ থেকে বাস্তবে আনা হয়। আসল বাস্তবতা।
এ বইটাতে আমরা দুটো গল্প শুনব। দুই বোনের গল্প। তাদের ফিরে আসার গল্প। সত্যি গল্প।
আশা করি গল্পদুটো পড়ে আনন্দের পাশাপাশি আমরা কিছু ভাবনার খোরাক পাব।