অনেকদিন আগের কথা। আমি তখন সপ্তম অথবা অষ্টম শ্রেণীতে পড়ি। আমার পড়ার ঘরের পাশেই ছিল একটা বেগুন ক্ষেত। আমি জানালার পাশে বসে পাঠ্য বইয়ের কবিতা পড়তে পড়তে হঠাৎ একটা অতিশয় ক্ষুদ্র পাখি টুনটুনির চিক চিক শব্দে বেগুন ক্ষেতের দিকে তাকালাম। দেখলাম একটা ক্ষুদ্র পাখি বেগুন পাতায় এসে বসেছে। চিকচিক শব্দ করে ইতিউতি দেখছে। এসময় অন্য একটা টুনটুনিও ঐ বেগুন গাছটার উপর দিয়ে কয়েকবার এদিক-সেদিক ওড়াওড়ি করে চলে গেল।। আমি ভালো করে লক্ষ করলাম। বেগুন পাতার উপর বসে থাকা টুনটুনিটা যে পাতার উপর বসেছিল, ঠিক এর মাথার ওপর অন্য একটি পাতায় ক্ষুদে চঞ্চু ঢুকিয়ে-টেনে, মুচড়ে বসে থাকা পাতার সাথে মাথার উপরের পাতাটিকে মিলিয়ে কি যেন পরখ করলো। তারপর চিকচিক শব্দে আবার বাতাসে মিলিয়ে গেল। আমি পাখিটার এই কাণ্ড দেখে কিছুই বুঝতে পারলাম না। আমার তখনো জানা ছিল না, টুনটুনিরা কোনো গাছের দু'টি পাতা সেলাই করে এসে বাসা বাঁধে।