এক ঘোরলাগা সন্ধ্যায় অমলদার প্রথম চুমুর স্পর্শ আজও যেন আমার কপালজুড়ে স্বমহিমায় বিরাজমান। কতবার হাতের আঙুলে মোছার চেষ্টা করেছি, জল দিয়ে ধুয়েছি কপাল, কিন্তু সেই স্পর্শ রক্ততিলক হয়ে রয়ে গেছে আমার কপালে, আমার অস্তিত্বে।
সেই অমলদা ডেকেছে আমায়। বহু বছর পর আবার তার ডাকে চলেছি মোহাবিষ্টতায়।
সকালে স্নান করে আহ্নিক সেরে কুয়াশার চাদর গায়ে জড়িয়ে হিমশীতল বাতাসে ভেজা চুল পিঠে এলিয়ে আমি চলেছি অমলদার কাছে। তার ব্যথিত মুখ, কাউকে তোয়াক্কা না করে আমার হাত ধরে আড়ালে টেনে একটু কথা বলতে চাওয়ার আকুতি, আমার অভিমানের বাঁধ ভেঙে দিয়েছিল বানভাসি জলের মতো। তার কাতর মুখ একটা নরম ভোরের মতো বরাবরই আমাকে দুর্বল করে দেয়। তাই রুখতে পারি নি নিজেকে। অনেক বোঝাপড়া করেছি নিজের সাথে, যাব কি যাব না!