ভূমিকা ধর্ম শব্দটি ধারণ করার মূল ব্যঞ্জনা থেকে উৎসারিত। মানুষের কল্যাণে ধর্ম। সঠিক জীবনপ্রণালী প্রণয়নে ধর্ম মানুষের কাছে ব্যাপক গুরুত্ব বহন করে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রসহ সকল ক্ষেত্রে চিরন্তনভাবে ধর্মের প্রভাব পড়ে আসছে। সে কারণেই ধর্ম নিয়ে ভাবনা, গবেষণা, তর্ক-বিতর্ক, বিশ্বাস-অবিশ্বাস ও ভুলবোঝাবুঝির অন্ত নেই। পৃথিবীর কোন ধর্মই এ বিষয়গুলো অতিক্রম করতে পারেনি। মানুষ যেহেতু চিন্তাশীল প্রাণী সেহেতু ধর্ম নিয়ে নানা মত ও মতান্তর থাকা স্বাভাবিক। বাংলাদেশের অন্যতম আদি জাতি গারো। তাদের আদিধর্মমত প্রথা ও সংস্কারে আচ্ছন্ন। লিখিত কোন ধর্মগ্রন্থ তাদের নেই। ধর্মীয় যাজককে কেন্দ্র করে তাদের ধর্ম পরিচালিত হয়। যখনই তারা দিকভ্রান্ত হয়েছে, জীবন বিপন্নের দিকে ধাবিত হয়েছে, তখনি তারা তা অতিক্রমের চিন্তা করেছে। অদৃশ্য শক্তির সন্ধান করে তারা আশ্রয় নিতে চেষ্টা করেছে। এরকম চিন্তা, সন্ধান ও আশ্রয়ের প্রক্রিয়াই গারোদের ধর্মের উৎসস্থল।