গ্লিনা তার কথা শেষ করতে পারে না তার আগেই আবার খিল খিল করে হাসতে শুরু করে। হাসতে হাসতে মেয়েটি যখন তার কোমরে ঝোলানো অস্ত্রটি খুলে নিতে থাকে তখন কিজানের মনে হয় মেয়েটি কী অপূর্ব সুন্দরী, কী নিষ্পাপ তার দুটি চোখ, কী অপূর্ব স্বর্গের দেবীর মতো তার চেহারা। যারা এই মেয়েটির নক্সা করেছে তারা নিশ্চয়ই সমস্ত পৃথিবীর সৌন্দর্য একত্র করে এই মেয়েটির ডিজাইন করেছে। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকেও বোঝা সম্ভব না এই মেয়েটি সত্যিকারের মানুষ নয়।