আলী ইমাম এবং শিশুসাহিত্য-দুটোই সমার্থক। প্রায় ৪০ বছর ধরে নিরন্তর স্বপ্নবিলাসী শিশুসাহিত্য রচনার এক দক্ষ রাজকুমার তিনি। কেবলই শিশুমানস, শিশুজগত, শিশুকল্পনাকে ধারণ করে বহু বিচিত্র রচনা সম্ভারে সমৃদ্ধ করেছেন তিনি বাংলা শিশুসাহিত্য। চিরায়ত রচনাভঙ্গি, ধ্রুপদ কাহিনীনির্মাণ এবং ক্লাসিকাল শিশুসাহিত্যের মর্মকে তিনি কর্মে রূপান্তর করেছেন। দেড় শতাধিক গ্রন্থের আয়নায় আলী ইমামকে প্রতিবিম্বিত করলে বিস্মিত হতে হয়-শিশুসাহিত্য জগতের যাবতীয় অনুষঙ্গ ও কল-কজাকে সযতনে তিনি আত্মস্থ করেছেন। শব্দজালে বন্দী করেছেন মধুর ও বিধুর রূপকল্পনাকে। আলী ইমাম সেই বিরল বাক্য শ্রমিকদের একজন-ত্যাগ ও মোহের ছলনে যিনি শিশুসাহিত্যের ভঙ্গুর ও বেপথ পথ থেকে কখনই সরে দাঁড়াননি।