আলী ইমাম এবং শিশুসাহিত্য-দুটোই সমার্থক। প্রায় ৪০ বছর ধরে নিরন্তর স্বপ্নবিলাসী শিশুসাহিত্য রচনার এক দক্ষ রাজকুমার তিনি। কেবলই শিশুমানস, শিশুজগত, শিশুকল্পনাকে ধারণ করে বহু বিচিত্র রচনা সম্ভারে সমৃদ্ধ করেছেন তিনি বাংলা শিশুসাহিত্য। চিরায়ত রচনাভঙ্গি, ধ্রুপদ কাহিনীনির্মাণ এবং ক্লাসিকাল শিশুসাহিত্যের মর্মকে তিনি কর্মে রুপান্তর করেছেন। দেড় শতাধিক গ্রন্থের আয়নায় আলী ইমামকে প্রতিবিম্বিত করলে বিস্মিত হতে হয়-শিশুসাহিত্য জগতের যাবতীয় অনুষঙ্গ ও কল-কজাকে সযতনে তিনি আত্মস্থ করেছেন। শব্দজালে বন্দী করেছেন মধুর ও বিধুর রূপকল্পনাকে। কমপ্লিট শিশুসাহিত্যিক বলতে যা বোঝায় আলী ইমাম তারই স্বয়ম্ভু প্রতীক। শুধুই অর্থহীন কল্পনার উড্ডীন ফানুস নয়, আলী ইমামের রচনা বাস্তব পৃথিবীর ধুলোকণাকেও স্পর্শ করেছে। আলী ইমামের মূল ক্ষেত্র গদ্য-রচনা।