b>শূন্যে কী ভাসে চরাচর
ভূমি শূন্যে ভাসে। জলপ্রপাত ঊর্ধ্বগামী-ভূমিলীন জলাশয়কে ধারণ করে আছে শীর্ষে। বৃক্ষাদি নিম্নমুখী। আকাশ ঘষা কাচের মতো মিশে আছে সেই অক্ষিপটলে, অক্ষিতারকায়। অথবা তাই কি?
যারা কাছে আসে, পরিজন কি প্রতিবেশী, চোখের কাছে ভিড় করে আসে না কখনো। একজন কাছে বসে মুখের দিকে তাকালে দৃশ্য মুছে যায়। ছায়া থাকে, পিছু হেঁটে চলে। তখন সব দেখে সে। শ্বেত অক্ষিপটল কৃষ্ণবিন্দু হয়। আটচালা ঘর থেকে নিকোনো উঠানে নামে। পেয়ারা, আম, জাম, কাঁঠাল ইতস্তত দাঁড়ানো কিন্তু সারিবদ্ধ সুপারিই সীমানা নির্দেশ করে।
সীমানার শেষে পলাশ, আছে শিমুলও। সময়ে নিচ লাল হয়। এগুলে পথে পড়বে শানবাঁধানো ঘাটের পুকুর। চারপাশ তার ঘিরে আছে নারিকেল-শ্রেণী। ছুঁয়ে আছে দীঘির বুক হিজল কয়েকটি এখানেও আশ্চর্য।