নিহা কলিংবেল টিপতে গিয়ে হাঁ করে তাকিয়ে থাকল। বিশাল একটা নোট ঝুলছে। লেখা রয়েছে বাংলায়, 'কলিংবেল টেপার পর অপেক্ষা করুন তিন মিনিট। তিন মিনিট পর আবার কল দিন। কারণ আমি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে দরজা খুলতে আসব। হেঁটে আসব। দৌড়ে না। উড়েও না। যদি উঠে আবার ঘুমিয়ে পড়ি তাই তিন মিনিট পরের কলিংবেলটা আমাকে আবার টেনে তুলবে।' বারে, মানে কী! মশী ভাই কি এখনও ঘুমাচ্ছেন! দিনের প্রায় একটা বাজতে চলল।
মশী ভাইকে অফিস থেকে অনেকবার ফোন দিয়েছে। জানা দরকার ছিল কাদরী সাহেবের কেইসটা কতদূর কী হল। বাসায় গেলেই তো ওই মহিলার মুখোমুখি হতে হবে। ওই মহিলা মানে মিসেস কাদরী। কে যে বলেছিল ওনাদের ইলিগাল হয়ে এই দেশে থাকার জন্য। থেকেছে এবং এখন ঝামেলায়ও পড়েছে। বরকে পুলিশ ধরে নিয়ে গেছে। আর বউ এসে তার বাসায় আশ্রয় নিয়েছে। পরোপকার করতে গিয়ে সেও আটকা পড়েছে বেড়াজালে।