ঠোঁটের কোণে জমেছে হলুদাভ বিষণ্ণতা, তীব্র শ্বাসকষ্ট, দাঁতহীন ত্বকে অসংখ্য বলিরেখার ফাটল! কুয়াশার মেঘে যেন প্রগাঢ় আশ্রয়! পিপাসার ঠোঁটে চাপে যান্ত্রিক সকাল। খুলতে পারে না চোখ। আর্দ্রতা মাখে চৈত্রের উত্তুরে হাওয়া।
আমাকে স্নান করায় জ্বালাময়ী দিগন্তের অভিমানী রোদ; মাটির বাগানে রিক্ত রাত অনাবাদী স্বাক্ষর অক্ষরে অক্ষরে ভারী হয়েছে হৃদয়। ভেসে আসছে হাহুতাশ; কাঁদছে দ্বিপ্রহর। বিরহী প্রান্তরে দেখি জন্মের মরমী দেনা; এখানে শূন্যতা।