গুরু, তোমার-আমার সৃষ্টির বয়নকার্য চলছে অতিসুচারু রূপে জীবনের স্বাদ নিতে নিতে। এই যে তুমি-আমি, আমি-তুমি মিলে আমরা পরস্পরকে আঁকড়ে ধরে ঢুকে পড়ছি ইহজাগতিক সবুজ বনের পথে।
তোমার ঠোঁট যখন স্পর্শ করে আমার কোমল পদ্মচরণ তখনই দেহ সরোবরে ফুটে ওঠে একের পর এক কামোদ হাম্বির নন্দ রাগ। তুমি গুরু সুরজালে বুনে দাও — আনন্দকুসুমের চারা। আর আমি হেমন্তের গোধূলি বিলীন রঙে নিজেকে রাঙাই মগন- গহন অনুভবে — অনুরাগে তোমারই সুর বন্দনায়।
গুরু, কখনও আছো প্রেরণায় কখনও দিন যাপনের সঙ্গী হয়ে। নিষ্ঠুর এই ভাঙা সময়ের মাঝখানে দাঁড়িয়ে স্বপ্ন দেখাও সাদাকালো জীবনের, তোমাকে একান্তে পেয়ে রক্তিম আভায় জ্বলে উঠলো মরুময় হৃদয় সাহারা, প্রাণ পেলো ভাস্কর্য আর মাতৃজঠরে শিশু।