ছেলেবেলার ছড়া-কবিতা প্রাপ্তবয়সে মনে পড়লে স্মৃতির ধূলি ওড়ানো বাতাস গায়ে হাত বুলায়। মনে হয় অনেক দিন ব্যবহার না-করা বাক্সের ডালা খুলল কেউ। আতরের আবছা গন্ধ এল ভেসে। যেসব ছড়া-কবিতার সঙ্গে বাল্যের এমন মন কেমন-করা সুবাস লেগে আছে, সেসব তো চিরদিনের অমলিন।
প্রায় যুক্তাক্ষরবর্জিত, সরল শব্দচয়নে, ছন্দের হালকা চালে লেখা যোগীন্দ্রনাথ সরকারের 'হারাধনের দশটি ছেলে' আমাদের অনেকের এমনই একটি ছেলেবেলার কবিতা। ছন্দ আর মিলের গুণে নামতার চেয়েও সহজে মুখস্থ করা যায় এই পদ্য। তবে খেলার ছলে অঙ্ক শেখানোর এক তুখোড় বুদ্ধি যে এতে লুকিয়ে ছিল, তা বোঝার মতো বুদ্ধি তখনো পড়ুয়াদের হয়ে ওঠেনি। কবিতাটির ভাষা ও উপস্থাপনার কারণে মনে হয়নি হারাধনের ছেলেরা বিদেশ থেকে ধার করা। এর আদি উৎস মার্কিন ছেলে-ভোলানো গান 'টেন লিটল নিগারস', অঙ্কের সঙ্গে শিশুদের প্রথম পরিচয়ের বুদ্ধিদীপ্ত পাঠ।