এক বনে থাকে এক বেঁটে ভূত। সবাই তাকে বলে বাঁটুল। সে একেবারেই ছোটখাটো, তবে বেশ নাদুশনুদুশ গাবদাগোবদা-ও বটে। তবে বনের ছোট-ছোট পশু সবাই তার বন্ধু। তারা নানা খেলায় তার সঙ্গে মেতে থাকে সারা দিন, রাতে অনেকে ঘুমায়ও তার সঙ্গে।
বন্ধুদের নিয়ে বাঁটুলের জীবন কাটে আনন্দে। বাড়ির সব কাজ নিজেই করে, কারণ পরিবারে সে একা। আর আত্মীয় বলতেও কেউ নেই তার। তবে ঘরবাড়ির কাজে বন্ধুরা যথেষ্ট সাহায্য করে তাকে। তারা ধোয়ামোছার নানা কাজে হাত লাগায় তার সঙ্গে। যেন কেবল বন্ধু নয়, পরিবারের সদস্যও বটে।
যখন কাজ থাকে না তখন ছোট-বড় সব পশুর সঙ্গেই খেলে বাঁটুল। গড়নে ছোটখাটো ও কাজে-কর্মে চটপটে বলে বাঁটুল সব ধরনের খেলাতেই দক্ষ। এ কারণে পশুরা সবাই ভালোবাসে তাকে। এমনকি সিংহরাও তাকে চড়তে দেয় পিঠে। মাঝেমধ্যে বাঁটুলের মন খারাপ হয়ে যায় নিজের বেঁটেখাটো গড়নের জন্য। ভাবে, তার মতো অভাগা আর কেউ নেই। ভাবতে-ভাবতে একদিন সে ঠিক করে, আর এই বেঁটে বামন থাকবো না। এখন থেকে হয়ে যাবো ইয়া লম্বা। লোকে লম্বু বলুক, গাল পাড়ুক — কিচ্ছু আসে যায় না।