মানুষ জন্মগতভাবেই হাসতে ভালবাসে। হাসি শুধু আনন্দের প্রকাশ নয়, এটি মানসিক স্বাস্থ্যেরও একটি অনন্য ঔষধ। হাসিখুশি থাকার অনেক সুফল।
হাসি হলো চাপ, ব্যথা ও দ্বন্দ্বের একটি শক্তিশালী প্রতিষেধক। ইতিবাচকতা ও সৃজনশীলতার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এই হাসি অত্যন্ত কার্যকর।
হাসি, সুখ, আনন্দ ও সুস্থতার প্রতীক। হাসি আমাদের জীবনের দুঃখকষ্ট, ব্যস্ততা ও ক্লান্তি হালকা করে দেয়। ঠিক সেই সহজ আনন্দটাই পাঠকের কাছে পৌছে দেওয়ার ইচ্ছা থেকেই "হাসির পাঠশালা"এর জন্ম।
"পাঠশালা" শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে পড়াশোনা, বই খাতা আর ক্লাসের ছবি। কিন্তু এই "হাসির পাঠশালা" মোটেই সেই ধাঁচের নয়। এখানে শুধু পড়ানো হয়, কিভাবে আনন্দে থাকতে হয়, কিভাবে প্রাণ খোলা হাসি দিয়ে জীবনকে সহজ করে তোলা যায়।
জীবনের নানা পর্যায়ে, ব্যস্ততার মাঝেও হাসির ছোট্ট মুহূর্তগুলোই আমাদের জীবনকে সুন্দর করে তোলে। যদি এই বই পাঠকের ঠোঁটে একটুও হাসি ফোটাতে পারে তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে।