ছোটোবেলার স্মৃতি সবার জন্যেই অতিশয় আনন্দের হয়ে থাকে। সে কারণেই বুঝি সকলে ছোটোবেলায় ফিরে যেতে চায়। আমাদের মতো মানুষ যাদের ছোটোবেলাটা ছিলো ষাটের দশকে এটা তাদের মধ্যে আরো বেশি করে ঘটে। কারণ এখনকার শিশুদের জীবনের সাথে তখনকার কোনো মিলই পাওয়া যায় না। এখনতো খেলা বলতে ঘরে বসে কম্পিউটারে ভিডিও গেমস আর সময় কাটানো মানে বসে বসে টেলিভিশন দেখা। অথচ আমাদের সময়টায় শিশুদের জীবনটা ছিলো নানা বৈচিত্র্যে ভরপুর। সারা বছরই এক এক সময় এক এক ধরনের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকতো শিশুরা,প্রকৃতিতে ঋতু বৈচিত্র্যের সাথে সাথে। তখন জীবন ছিলো গ্রামভিত্তিক। গ্রামীণ সমাজের নানা কর্মকাণ্ডের সাথে শিশুদের জীবন ধারা ও দৈনন্দিন বেড়ে উঠা প্রভাবিত হতো ব্যাপকভাবে। গ্রামীণ সমাজের নানা উৎসব-আনন্দ শিশুদেরকেও আন্দোলিত করতো। ঋতু বৈচিত্র্যের এই ভিন্নতার ইজেলে তাই শিশুদের জীবনের নানা খেলাধুলা,উৎসব,আনন্দ আয়োজনকে তুলে ধরা হয়েছে পুস্তকখানিতে। সকলে তার ছোটোবেলাকে এ লেখার মধ্যে খুঁজে পাক সেটাই কামনা করি। -লেখক