প্রিয় ইলমের রাজপুত্র, একদিন তুমি বড়ো হবে। তোমার মাথায় থাকবে পাগড়ি, হাতে থাকবে কিতাব। মানুষের মাসআলার উত্তর দেবে, মিম্বরে দাঁড়িয়ে কুরআন ও সুন্নাহর আলো ছড়াবে। কিন্তু বিশ্বাস করো, সেই দিনের ভিত্তি নির্মিত হচ্ছে আজ ছাত্রজীবনের প্রতিটি দিন, প্রতিটি অভ্যাস, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি আমলের মাধ্যমে।
বহু বছর ধরে শিক্ষার্থীদের সাথে পথ চলার সুবাদে লেখক দেখেছেন, অনেক মেধাবী শিক্ষার্থী সময়ের অবহেলা, আদবের ঘাটতি, নিজের অলসতা কিংবা ভুল সঙ্গের কারণে ধীরে ধীরে নিজেদের সম্ভাবনা হারিয়ে ফেলেছে। আবার এমন শিক্ষার্থীকেও দেখেছেন, যার মেধা ছিল সাধারণ কিন্তু অসাধারণ ইখলাস, উস্তাদের প্রতি গভীর শ্রদ্ধা, সময়ের প্রতি দায়িত্ববোধ এবং সুশৃঙ্খল জীবন তাকে কল্পনাতীত উচ্চতায় পৌঁছে দিয়েছে।
একজন তালিবুল ইলমের জীবনে শুধু পাঠ্যবই যথেষ্ট নয়। কিতাব তাকে জ্ঞান দেবে, কিন্তু চরিত্র কে গড়বে? পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কৌশল অনেকেই শেখাবে, কিন্তু নফসের সঙ্গে যুদ্ধ করার শিক্ষা কে দেবে তাকে? কীভাবে উস্তাদের সামনে বসতে হয়, কথা বলতে হয়, বন্ধু নির্বাচন করতে হয় কিংবা নিজের ভুল স্বীকার করে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করতে হয় এসব শিক্ষা কোথায় পাবে সে?
শিক্ষার্থীরা যেন ছোট কোনো ভুলের কারণে বড় ক্ষতির মুখোমুখি না হয়, তাদের ভালোবেসে সতর্ক করতে এবং প্রতিদিন একটু একটু করে গড়ে তুলতেই দীর্ঘদিনের অনুভূতি, অভিজ্ঞতা, দায়িত্ববোধ এবং ভালোবাসা থেকে জন্ম নিয়েছে 'হে ইলমের রাজপুত্র' বইটি। এই বইটি বিখ্যাত মানুষ হওয়ার স্বপ্ন শেখানোর জন্য লেখা হয়নি বরং আল্লাহর কাছে প্রিয় একজন বান্দা হওয়ার পথ দেখানোর বিনীত প্রয়াস এটি।
বইটি তোমাকে শেখাবে কীভাবে আদবে, ইখলাসে, চরিত্রে ও আমলে প্রথম হতে হয়। তোমার উপস্থিতিতে যেন উস্তাদের মুখে হাসি ফোটে, মা বাবার চোখে অপার্থিব শীতলতা নেমে আসে এবং সমাজ তোমাকে দেখে দ্বীনের সৌন্দর্য অনুভব করে। মনে রেখো, একটা বিশাল বৃক্ষও একদিন ছিল ছোট্ট একটি চারা, একজন মহান আলেমও একদিন ছিলেন সাধারণ একজন ছাত্র। শুধু মেধাই তাদের ভিন্ন করে গড়ে তোলেনি বরং নিয়মিত আত্মগঠন, আদব আখলাক, আমল, ইখলাস এবং অবিচল সাধনা তাদের মহান ব্যক্তি বানিয়েছে। তুমিও পারবে যদি নিজেকে গড়ার সিদ্ধান্ত নাও।
এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা সেই সিদ্ধান্তকে দৃঢ় করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এর উপদেশগুলো তোমাকে তিরস্কার করার জন্য নয়, তোমার হাত ধরে সামনে এগিয়ে নেওয়ার জন্য। প্রতিটি অধ্যায় যেন একজন উস্তাদের স্নেহবিগলিত উপদেশ, একজন অভিভাবকের আন্তরিক দোয়া এবং একজন শুভাকাঙ্ক্ষীর বিনীত ভালোবাসা। নিজেকে নতুন করে গড়তে আজই সংগ্রহ করুন 'হে ইলমের রাজপুত্র'।