একটি পরিবার শুধু চার দেয়ালের মধ্যে কয়েকজন মানুষের বসবাস নয়। এটি এমন একটি বাগান, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর দায়িত্বের জল দিয়ে প্রতিদিন পরিচর্যা করতে হয়। কিন্তু আজকের দিনে সেই বাগান অনেকের কাছেই শুকিয়ে যাচ্ছে। স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ছে, সন্তানরা পথ হারাচ্ছে, পরিবারের বন্ধন আলগা হয়ে পড়ছে। কারণ একটাই, আমরা পরিবার গড়তে চাই, কিন্তু সেই পথ জানি না। আল্লাহ তাআলা মানুষকে শুধু সৃষ্টি করেননি, জীবন যাপনের পূর্ণ দিকনির্দেশনাও দিয়েছেন। রাসুলুল্লাহ সা. নিজের জীবনে সেই আদর্শ পরিবারের চিত্র এঁকে গেছেন। সেই আলোতেই এই বইয়ে আলোচনা করা হয়েছে; স্বামীর দায়িত্ব কী, স্ত্রীর অধিকার কোথায়, ভালোবাসাকে কীভাবে টিকিয়ে রাখতে হয়, মতভেদ কীভাবে সামলাতে হয়, সন্তানকে কীভাবে দ্বীনের পথে গড়তে হয়। প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে কুরআন ও সুন্নাহর আলোকে, বাস্তব জীবনের মাটিতে দাঁড়িয়ে। এই বইটি কোনো তত্ত্বের বই নয়। এটি একজন স্বামীর কলম থেকে লেখা সেই কথাগুলো, যা সে তার প্রিয়তমাকে বলতে চেয়েছিল এবং বলেছে। হে প্রিয়তমা, তোমাকেই বলছি, একটি আদর্শ পরিবার স্বপ্ন নয়, এটি সম্ভব। শুধু জানতে হবে কীভাবে।