সেনেকার কর্মজীবন ছিল বহুধাবিস্তৃত। তিনি আইন, সরকারি প্রশাসন ও রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। একসময় তিনি সম্রাট ক্যালিগুলার ঈর্ষার পাত্র হয়ে ওঠেন এবং অল্পের জন্য মৃত্যুদণ্ডের হাত থেকে রক্ষা পান। ক্লডিয়াসের আমলে সেনেকা রাজসভায় একটি সম্মানিত আসন লাভ করেন কিন্তু ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হয়ে, যা খুবসম্ভব সাজানো ব্যাপার ছিল, তিনি কর্সিকায় নির্বাসিত হন। আট বছর সেখানে ছিলেন তিনি, এবং ওই সময়টা তিনি ব্যয় করেন নিরলস সাহিত্যচর্চায়। রোমে তাঁর সাহিত্যখ্যাতি ছড়িয়ে পড়ে, এবং ৪৯ খ্রিস্টাব্দে রানি অ্যাগ্রিপিনার ইচ্ছায় তাঁকে রোমে ফিরিয়ে আনা হয়। সেনেকা নিযুক্ত হলেন অ্যাগ্রিপিনার পুত্র ভবিষ্যৎ সম্রাট নিরোর ব্যক্তিগত শিক্ষকরূপে।