হীরামানিক জ্বলে কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) বাংলা সাহিত্যে বিশেষভাবে আলোচিত তার পল্লী-প্রকৃতিঘনিষ্ঠ অসাধারণ উপন্যাসগুলোর জন্য। আমরা অধিকাংশই তাকে কেবল পল্লীবাংলার রূপকার পরিচয়েই চিনি। আদতে সব্যসাচী বিভূতিভূষণ তার সাহিত্যিক জীবনে সামাজিক উপন্যাসের সাথে একাধারে লিখে গেছেন হরর, থ্রিলার এবং দুর্দান্ত কিছু কিশোর অ্যাডভেঞ্চার কাহিনী। এর জ্বলজ্যান্ত প্রমাণ আমরা পাই অজপাড়াগাঁয়ের বাঙালি সন্তান শংকরের আফ্রিকা অভিযানের রোমাঞ্চকর কাহিনী 'চাঁদের পাহাড়'-এ। আলোচ্য 'হীরা মানিক জ্বলে'-ও অনুরূপ অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার উপন্যাস। উপন্যাসটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৪৬ সালে। কলেবর, বিস্তৃতিতে 'চাঁদের পাহাড়' এর সাথে তুলনীয় না হলেও রহস্যে-রোমাঞ্চে এই বইটি যে কোনো অংশে কম নয়, সেই আশ্বাস নব্যপাঠককে দেওয়াই যায়!