ধরা যাক, খানিকটা অতীন্দ্রিক আকর্ষণ নিয়েই কেউ আমার কবিতাগুলো পড়লেন। নিরাশ না হয়ে অন্য এক অজানা আবেশে তিনি বললেন, “আহা! মন্ত্রমুগ্ধ আমি।” এমনতো ঘটেনি! না? বিশ্বাস করুন, এতদিন আমি এর-ই অপেক্ষায় আছি! বলে রাখা ভালো, হয়তো অতটা সময় হাতে আমার না-ও থাকতে পারে। এটা অনিবার্য, এটা পরিণতি: ক্ষণ জানা নেই, তবে তা ঘটবেই। যখন আমার পাঁচটি ইন্দ্রিয় সৌন্দর্যকে বোঝার ক্ষমতা হারিয়ে ফেলবে, মন নামক ইন্দ্রিয় যার কথা ইদানীং আমি প্রায়শই বলছি আর বুদ্ধিও যখন স্নায়ুবিক ক্লান্তি, জ্বরা, কিংবা বার্ধক্যে মৃতপ্রায় হবে; নিউরন, পেশী ও হাড় খাটো হয়ে নুয়ে আসবে ক্রমশঃ তখন তো সবই আদিখ্যেতা! সমতটে যেন আলাস্কার বাতাস !