অনেক চেষ্টা তদবিরের পর আজ একটি কাজের মেয়ে পেয়েছি। মেয়ে বললে ভুল হবে। বয়স ত্রিশের উর্দ্ধে তো হবেই, চল্লিশও ধরতে পারেন। শরীর স্বাস্থ্য ভাল থাকলে বিশের পর থেকে মেয়েদের বয়স মাপার কোন উপায় নেই। এই মেয়েটির বেলায়ও তাই। শরীরের গাঁথুনি বেশ মজবুত। দোহারা গঠন। দেখেই মনে হয় ঘরের কাজ কামে বেশ পাকাপোক্ত হবে।
বাড়ী কোথায় জানতে চাইলে সে তোতলিয়ে উত্তর দেয় কুমিল্লা বলে। আমি আর কথা না বাড়িয়ে তাকে রান্নাঘরে ঢুকিয়ে দিলাম। এক গাদা কাজ পড়ে আছে রান্না ঘরে।
রান্নাঘরে ঢুকে কাজে হাত দেবার আগে কি ভেবে সে একবার থমকে দাঁড়ায়। তারপর তোতলিয়ে বলে- আমারে কত বেতন দিবেন? হাতের তিন আঙ্গুল দেখিয়ে বলে- তিনশ ট্যাহার কমে আমি কাম করমুনা। মাস গেলে নয়া কাপড়, ছায়া ব্লাউজ দিতে অইব।