১৯৯২-এর ১৮ জানুয়ারি বাংলাদেশের ১০১ বিশিষ্ট নাগরিক এক ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করে সূচনা করেছিলেন '৭১-এর ঘাতক দালাল নির্মূলনের আন্দোলন। ১৯ জানুয়ারি জাতীয় দৈনিক সমূহে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছিল 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি' গঠনের ঘোষণা।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে যারা গণহত্যা ও নারী নির্যাতন সহ যাবতীয় ধ্বংসযজ্ঞে অংশগ্রহণ করেছিল সেই যুদ্ধাপরাধীদের বিচার এবং বাংলাদেশের সমাজ ও রাজনীতির অঙ্গন থেকে তাদের মূল উৎপাটন এই আন্দোলনের উদ্দেশ্য। বাংলাদেশের ইতিহাসে সিভিল সমাজের নেতৃত্বে এত সর্বব্যাপী আন্দোলন এর আগে কখনও ঘটেনি।