হ্যাঁ রে বন্ধু, ইলহাম চড়িয়ে বেরাই আমি!
মহল্লার তামাম লোক জানে এই কথা। তুমিও জেনে গেলে আজ।
আমার মা-ও না এই কাজ করতেন। আমার নানু হোশনিগারও।
বলতে পারো, এ আমাদের খানদানি সিলসিলা। রাখালেরা চড়ায় গরু-ছাগল-ভেড়া, আমরা চড়াই অনুপ্রেরণা—ইলহাম।
তা, এসো না একদিন আমাদের বাড়িতে। সদর দরজার সামনে একটু বেশিই হাবিজাবি আছে বই কি। একটু কষ্ট করে টপকে ভেতরে এলে দেখবে এক ভাঙা আলনা। ওটার সামনে এসে ডানে ঢুকবে। দেখবে একপাশে রসুনের ঢিবি। আরেকপাশে পেঁয়াজের টিলা। আর সামনেই পেল্লাই এক দেয়াল।
দেয়ালে সারি সারি কত ছবি টাঙানো। কোনো জোনাকির মতো আলো দেখছ?
ও-ই তো, ওই আমাদের সব রাখাল—ইলহামের রাখাল।