‘সহীহ আকীদা’ মুমিনের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আকীদার বিশুদ্ধতার উপরই নির্ভর করছে পরকালের নাজাত ও মুক্তির ফয়সালা। সুতরাং আকীদা-বিশ্বাসের সামান্য বিভ্রান্তি বা গোমরাহীও অনেক সময় মানুষকে চিরস্থায়ীভাবে জাহান্নামী করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো—আমাদের সমাজে নামাজ, রোজা, হজ, যাকাতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও ইসলামের মৌলিক আকীদাগুলো নিয়ে আলোচনা হয় সবচেয়ে কম। সে হিসেবে আকীদা নিয়ে আমাদের জানাশোনা একেবারেই কম। পরকালে মুক্তির জন্য কোন কোন বিষয়ে আমাদের বিশ্বাস রাখতে হবে এবং একমাত্র নাজাত প্রাপ্ত দল ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’-এর মৌলিক আকীদাগুলো কী কী সেগুলোও আমাদের অনেকের অজানা।
পাঠকের হাতে থাকা বইটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য আকীদাগুলো সংক্ষেপে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কোন কোন কারণে মানুষের ঈমান নষ্ট হয়, মানুষ কেন কাফের হয়? সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কেন আমাদের মাজহাব মানা প্রয়োজন? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কি না? কাফেরদের সাথে বন্ধুত্বের ব্যাপারে শরীয়তের দিকনির্দেশনা কী? সেকুলারিজম, হিউম্যানিজম, ফেমিনিজম কেন ইসলামের সাথে সাংঘর্ষিক? কাফেরদের সাথে উঠাবসা ও লেনদেনের শরয়ী রূপরেখা কী হবে? সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বইটি পড়লে খুব সহজেই পাঠক ইসলামের মৌলিক আকীদাসমূহের ব্যাপারে স্বচ্ছ এবং নির্ভরযোগ্য ধারণা পাবেন, ইনশাআল্লাহ।