আজকের সকালটা খুব ভালো লাগল অভিকের।
ঘুম থেকে জেগে চোখ কচলাতে কচলাতে ওদের ছোট্ট বারান্দায় এসে দাঁড়িয়ে অভিক মুগ্ধ হয়ে গেল- এত সুন্দর সকাল! আবার মনে হলো- সব সকালই তো এমন। আজ একটু তাড়াতাড়ি ঘুম ভাঙল বলেই হয়তো সকালটা এত সুন্দর হয়ে চোখে লাগছে!
ঘুম থেকে উঠে মানুষ চোখ কচলায় কেন? চোখের ঘুম ঘুম ভাব তাড়ানোর জন্য? অভিকের তো ঘুম তাড়ানোর তাড়া নেই! অভিক বরং আরেকটু ঘুমিয়ে নিতে পারলে খুশি। আজ কেন যেন মায়ের ডাকাডাকির অনেক আগেই ঘুম ভেঙে গেল ওর। ঘুম ভাঙতেই বিছানা ছেড়ে উঠে পড়ল।
অভিকের সঙ্গে ওর ছোট ভাই শোয়। অমিত। ও এখনো বেঘোর ঘুমে। অভিক বুঝতে পারে- বাবা-মা কিংবা মুরাদ এখনো ঘুমিয়ে।
ঘুমন্ত বাসাটায় ওর একার ঘুম ভাঙলো বলে ভালো লাগল না। নিশ্চুপ বাসায় কার ভালো লাগে!'