লাল টুকটুকে ট্রাই-সাইকেলে একা এক শিশু আমি। বনবন চরকির মতো
ঘুরছি। ঘুরছি, ফিরছি, একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি। কারা বলে গিয়েছে এই
এখানেই থাকতে। তারা কাজে গিয়েছে। পরে এসে আমাকে নিয়ে যাবে
বাড়ি। আমি তাই লাল ট্রাই-সাইকেলে একা। প্রতীক্ষায় আছি। জানি না
কতক্ষণ। ক্লান্ত সরণিবিহীন এই চলাচলে। অজানা জনস্থানে, অচেনা মানুষের
ভিড়ে হাঁফিয়ে উঠছি ভয়ে।
এটা শপিং মল। চারদিক ঘেরা। চারদিকে
দোকানপাট, এসকালেটর, তাজা কুকির সুবাস। প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের দল
স্রোতের মতো যায়-আসে। তারই মধ্যে ঢেউ তুলে ফেরে আমারই মতো
অপ্রাপ্তবয়স্করা। আমাকে কেউ ছোঁয় না। আপনজন কেউ ফিরে এসে আমার
হাত ধরে না। বলে না চলো, বাড়ি যাই।