দিগন্তজোড়া গমক্ষেত ঐ
চোখজুড়ানো সবুজের ঢেউ বাতাস খেলে যায়
আছড়ে পড়ে ঘন গ্রাম বনানী পাহাড়ের গায়
মাঝে বয়ে চলে অনন্ত শ্রোতা নদী এঁকেবেঁকে;
কিছুদিন পর সতেজ মোটাসোটা গমের গোছায়
ভরে গেল বড়সড় সব্জে-সাদাটে শীষে
আর ভরে গেল কৃষকের বুক বরষার পূর্ণনদীর মতো;
বাড়িতে গম মাড়াইয়ের চলে আয়োজন
আয়োজন গুদাম ও গোলাজাতের
গোরুরগাড়ী, ট্রাক, মালগাড়ী সবই তৈরি
তৈরী খুচরো ক্রেতা ফড়ে-দালাল মজুতদার সবাই!
এবার সোনালী পাকা গম কাটার পালা;
হায়! হায়! হায়! এ কী সর্বনাশ !!
একটাও শস্যদানা নেই কোনো শীষের ভেতর!
ঝুরিদার প্রাচীন বটবৃক্ষের মতো চুলদাড়িওয়ালা
বৃদ্ধ কৃষক এ ক্ষীণকণ্ঠ কিন্তু অসম্ভব দৃঢ়তায়
প্রাণপণে ঘোষণা দিলেন অমোঘ নিয়তির বাণী
এবার বিলুপ্ত হলো গম!
ভুট্টা সামনের বছর তারপর ধান!
তারপর-
নির্বোধ মানুষ!